অমর একুশে বইমেলা ২০২৬-এর বিন্যাসে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এবারের মেলায় কোনো প্যাভিলিয়ন থাকবে না বলে সিদ্ধান্ত নিয়েছে মেলা আয়োজক কমিটি।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে প্রকাশক প্রতিনিধি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতাদের সঙ্গে এক জরুরি সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এবং সচিব মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবারের মেলায় কোনো প্রকাশনা সংস্থাকে প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হবে না। বাপুস নেতাদের সহায়তায় এরই মধ্যে যেসব প্রকাশক প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছিলেন, তারা মেলা প্রাঙ্গণ থেকে তা সরিয়ে নিতে সম্মত হয়েছেন। এর ফলে মেলার উন্মুক্ত পরিসর আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
মেলার সদস্য সচিব মো. সেলিম রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি যেসব প্রকাশক স্টলের জন্য আবেদন করেছিলেন, তাদের স্টল-বিন্যাসের লটারি রোববার রাত ১০টায় সম্পন্ন হয়েছে। লটারিতে স্টল বরাদ্দ পাওয়া প্রকাশকরা সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকেই মেলা প্রাঙ্গণে স্টল নির্মাণের কাজ শুরু করতে পারবেন।
প্রকাশকদের জন্য বড় সুখবর হলো, এবারের বইমেলার জন্য কোনো স্টল ফি দিতে হবে না। সংস্কৃতি মন্ত্রণালয় ইতোমধ্যে স্টল ফি সম্পূর্ণ মওকুফের ঘোষণা দিয়েছে, যা প্রকাশকদের আর্থিক চাপ কমাতে বড় ভূমিকা রাখবে।
আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পর থেকেই সর্বস্তরের পাঠকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মেলা প্রাঙ্গণ।
আরও ৫ দিন পেছালো বইমেলা, থাকছে না স্টল ভাড়া
