সিটি করপোরেশন নির্বাচন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর বার্তা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মেয়াদ পূর্ণ হওয়া সাপেক্ষে ধাপে ধাপে দেশের সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ভবিষ্যতে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর ও দক্ষিণসহ ছয়টি সিটি করপোরেশনের নতুন প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেখানে নির্বাচনও আগে হবে। সেই অনুযায়ী ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য সিটি করপোরেশনের ভোট হবে।’

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার নিয়ে চলমান বিতর্কের বিষয়ে বিএনপি মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল বলেন, ‘সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, তা ১২ মার্চের সংসদ অধিবেশনে নির্ধারিত হবে। সংসদে আলোচনার মাধ্যমেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

এ সময় পৌরসভাগুলোতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই বলেও স্পষ্ট করেন তিনি।

এর আগে সকালে নবনিযুক্ত প্রশাসকরা এলজিআরডি মন্ত্রীর কাছে তাদের যোগদানপত্র জমা দেন। যোগদানের পর প্রশাসকরা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন, ঢাকার তীব্র যানজট নিরসন, রাস্তাঘাট মেরামত এবং সব ধরনের দুর্নীতি রোধ করা হবে তাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন স্থবির হয়ে থাকা সিটি করপোরেশনগুলোতে জনসেবা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা।

DR
আরও পড়ুন