লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৫ বাংলাদেশি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম

লিবিয়ায় আটক ও অনিয়মিত অবস্থায় থাকা ১৭৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বেনগাজী থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–এর সমন্বিত উদ্যোগে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা–এর সহযোগিতায় এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

সরকারি সূত্র জানায়, সকাল ৮টায় বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ৩০ জন এবং বেনগাজী ও আশপাশের এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফেরেন।

প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

ঢাকায় পৌঁছানোর পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ অভিবাসন ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের দুর্ভোগের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবাসিত নাগরিককে পথখরচা, খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বাসস্থানের সহায়তা দেওয়া হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে সংশ্লিষ্ট দপ্তরগুলো যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

AS/AHA
আরও পড়ুন