৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অনিয়ম, তালিকা প্রকাশ

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৪:৫৯ পিএম

দেশের ৯৭৩টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে তদন্তে প্রায় ৯০ কোটি টাকার অনিয়ম পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। রোববার (১ মার্চ) মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তালিকায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলোর তথ্য স্থান পেয়েছে। প্রতিবেদনে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আইটিসহ বিভিন্ন আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ খ্রিষ্টাব্দের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো মোট ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা বা তদন্ত প্রতিবেদনের তালিকা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dia.gov.bd) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনগুলোর অনুলিপি সংশ্লিষ্ট অধিদপ্তরে (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর/মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর/কারিগরি শিক্ষা অধিদপ্তরে), সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে ডি-নথিতে (প্রযোজ্যক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে/ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে ই-মেইলে), সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে ডি-নথিতে, সভাপতি (ব্যবস্থপনা কমিটি/গভর্নিং বডি) এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ই-মেইলে (ব্যানবেইস জরিপে প্রদত্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিজ নিজ ই-মেইলে) পাঠানো হয়েছে।

এতে আরও বলা হয়, যদি প্রকাশিত তালিকার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন সংশ্লিষ্ট ই-মেইলে পাওয়া না যায়, তাহলে নিজ নিজ জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে (জেলা শিক্ষা অফিসের ডি-নথি সিস্টেম থেকে ডাউনলোড করে) সংগ্রহ করা যেতে পারে।

এ ছাড়া যদি জেলা শিক্ষা অফিস হতে প্রতিবেদন সংগ্রহ করা সম্ভব না হয়, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বরাবরে প্রতিবেদন পাওয়ার জন্য আবেদন করে ওই আবেদনের কপি [email protected] ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইলে ওই আবেদন পাওয়ার পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে এ অধিদপ্তর থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইলে আবার প্রতিবেদন পাঠানো হবে। প্রয়োজনে টেলিফোনে (০২৪১০৫৩৩৪৭) যোগাযোগ করা যেতে পারে।

AHA
আরও পড়ুন