বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে রাজার এই শোক বার্তা পৌঁছে দেন।
টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন যে, ইরানের নিক্ষিপ্ত মিসাইল বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একজন বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় বাহরাইনের রাজা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আলাপকালে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন যে, তাঁর দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা বাহরাইন সরকারের অন্যতম অগ্রাধিকার। বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে তাঁদের সরকার সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই সংকটকালীন সময়ে বাহরাইন সরকারের ত্বরিত পদক্ষেপ এবং সহযোগিতার জন্য রাজা হামাদ বিন ইসা আল খলিফা ও বাহরাইন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। নিহত বাংলাদেশির পরিচয় ও মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট মিশনগুলো কাজ করছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার বিকেলেও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে প্রবাসী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকার উচ্চপর্যায়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
