শুরু হলো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১১:৩৪ এএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের স্বস্তির যাত্রা নিশ্চিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, আজ যারা টিকিট সংগ্রহ করছেন তারা আগামী ১৩ মার্চ ভ্রমণ করতে পারবেন। ঘরমুখো মানুষের চাপ সামলাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

যাত্রীদের টিকিট কেনা সহজ করতে অঞ্চলভেদে সময় ভাগ করে দিয়েছে রেলওয়ে। পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে বিক্রি করা হচ্ছে।

কোন দিনের টিকিট কবে মিলবে?

  • ১৩ মার্চের টিকিট: ৩ মার্চ (আজ)।
  • ১৪ মার্চের টিকিট: ৪ মার্চ।
  • ১৫ মার্চের টিকিট: ৫ মার্চ।
  • ১৬ মার্চের টিকিট: ৬ মার্চ।
  • ১৭ মার্চের টিকিট: ৭ মার্চ।
  • ১৮ মার্চের টিকিট: ৮ মার্চ।
  • ১৯ মার্চের টিকিট: ৯ মার্চ।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সহজলভ্যতা নিশ্চিত করতে এবং কালোবাজারি রোধে কাউন্টার থেকে কোনো টিকিট দেওয়া হবে না। যাত্রীদের রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট বা ‘Rail Sheba’ অ্যাপ ব্যবহার করে অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।

রেলমন্ত্রী ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন যে, ঈদযাত্রায় এসি কোচে কোনো আসনবিহীন যাত্রী ভ্রমণ করতে পারবেন না। স্টেশনে শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

DR
আরও পড়ুন