স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
ভারতীয় হাইকমিশনার জানান, দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে স্থানীয় সরকার কাঠামোর আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশকে সঙ্গে নিয়ে যৌথভাবে কাজ করতে চায় ভারত।
বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং এসব ক্ষেত্রে ভারতের কারিগরি ও কৌশলগত সহায়তা নিয়ে মতবিনিময় করা হয়।
প্রণয় ভার্মা আশা প্রকাশ করেন, এই সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে।

