মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের জেরে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দুজন সৌদি আরবে, একজন বাহরাইনে এবং একজন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রাণ হারিয়েছেন।
সোমবার (৯ মার্চ) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইয়ে নিহত আহমদ আলীর মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের এই তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, ‘প্রবাসীদের যেকোনো সংকটে আমাদের মন্ত্রণালয় পরিবারের সদস্যদের মতো পাশে থাকবে। আজ একজনের মরদেহ দেশে আনা হলো, বাকিদেরও পর্যায়ক্রমে আনা হবে। যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আমরা সার্বক্ষণিক তাদের খোঁজখবর নিচ্ছি এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি।’
এদিন বেলা ১১টার দিকে দুবাইয়ে নিহত আহমদ আলীর মরদেহ সিলেটে পৌঁছালে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিজে বিমানবন্দরে উপস্থিত থেকে কফিন গ্রহণ করেন। পরে তিনি জানান, তিনি নিজেই মরদেহের সঙ্গে নিহতের গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায় যাবেন এবং পরিবারের কাছে হস্তান্তর করবেন। এছাড়া নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
পাসপোর্ট অনুযায়ী নাম আহমদ আলী হলেও এলাকায় তিনি ‘সালেহ আহমদ’ নামে পরিচিত ছিলেন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামের এই বাসিন্দা দীর্ঘ ৩৫ বছর ধরে দুবাইয়ে কর্মরত ছিলেন। সেখানে তিনি পানিবাহী একটি গাড়ি চালাতেন। গত ২৮ ফেব্রুয়ারি দুবাইয়ে ইরানের একটি মিসাইল হামলায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তার দুই ছোট ভাইও একই শহরে থাকেন, যারা পরিবারের কাছে এই দুঃসংবাদটি পৌঁছে দেন।
মরদেহ গ্রহণের সময় নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আহমদ আলীর চাচাতো ভাই কামাল আহমদ সরকারের দ্রুত পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমরা চাই আমার ভাইকে যেন রাষ্ট্রের পক্ষ থেকে ‘শহীদের’ মর্যাদা দেওয়া হয়।’
এ সময় বিমানবন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ এবং সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম।
ইরানের তেল সম্পদ লুট করতে চায় যুক্তরাষ্ট্র: ইসমাইল বাঘেই
লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলা
