ইরানের তেল সম্পদ লুট করতে চায় যুক্তরাষ্ট্র: ইসমাইল বাঘেই

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম

চলমান যুদ্ধের আড়ালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মূলত ইরানের বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বলে গুরুতর অভিযোগ করেছে তেহরান। 

সোমবার (৯ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই মন্তব্য করেন।

ইসমাইল বাঘেই বলেন, ‘ওয়াশিংটনের উদ্দেশ্য এখন দিবালোকের মতো স্পষ্ট। তাদের মূল লক্ষ্য হলো আমাদের দেশকে খণ্ডিত করা এবং আমাদের প্রাকৃতিক তেল সম্পদ অবৈধভাবে দখল করা। এই যুদ্ধের মাধ্যমে তারা আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করতে চায় এবং ইরানি জনগণকে পরাজিত করে মানবতাকে দুর্বল করতে চায়।’

ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে হবেন, সেই বিষয়ে ওয়াশিংটনের অনুমোদন প্রয়োজন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেন বাঘেই। তিনি সাফ জানিয়ে দেন, “ইরানের ভবিষ্যৎ কোনো ভিনদেশি শক্তি নয়, বরং আমাদের দেশের জনগণের ইচ্ছাই নির্ধারণ করবে। কে আমাদের নেতৃত্ব দেবেন, তা ঠিক করার অধিকার কেবল ইরানিদেরই আছে।”

ইসমাইল বাঘেই আরও অভিযোগ করেন যে, ইরানের ওপর অতর্কিত সামরিক হামলা শুরুর আগে চলমান কূটনৈতিক পরিবেশকে সুকৌশলে নষ্ট করেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘আমরা যখন পূর্ণ উদ্যমে কূটনৈতিক আলোচনায় ব্যস্ত ছিলাম, তখনই তারা যুদ্ধ শুরু করে দিয়েছে। সুতরাং আমাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয়েছে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানি জনগণ তাদের মাতৃভূমি ও সম্পদ রক্ষার জন্য যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত। আগ্রাসীদের কোনো অসৎ উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না।’

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ইরানের তেল ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে তেহরান থেকে এই কঠোর প্রতিক্রিয়া এল।

সূত্র: আলজাজিরা

NB/AHA
আরও পড়ুন