সংরক্ষিত নারী আসন

নির্বাচিত ৪৯ এমপির গেজেট প্রকাশ, নুসরাত তাবাসসুমের বাছাই শনিবার

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হিসেবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচিত প্রার্থীদের নাম উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জোটগুলোর মধ্যে আসন বণ্টনের আনুপাতিক হারে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি।

প্রকাশিত গেজেট অনুযায়ী, মোট ৪৯ জন নারী এমপির মধ্যে বিএনপি জোটের ৩৬ জন এমপি, জামায়াত জোটের ১২ জন এমপি, স্বতন্ত্র ১ জন এমপি নির্বাচিত হয়েছেন।

বিএনপি থেকে যারা নির্বাচিত হলেন
বিএনপির হয়ে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হয়েছেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হকসহ মোট ৩৬ জন।

জামায়াত জোট ও স্বতন্ত্রদের তালিকা
জামায়াত জোটের ১২ জন হলেন-নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি: মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি: মাহবুবা হাকিম। এছাড়া স্বতন্ত্র জোট থেকে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।

আলোচিত নুসরাত ও মনিরার মনোনয়ন
রিটার্নিং কর্মকর্তা জানান, জামায়াত জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দিলেও আদালতের আদেশে সেটি গ্রহণ করা হয়েছে। আগামী শনিবার তার মনোনয়নপত্রটি বাছাই করা হবে। এর আগে এনসিপি নেত্রী মনিরা শারমিনের সরকারি চাকরি থেকে অবসরের সময়সীমা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় শেষ মুহূর্তে নুসরাতকে প্রার্থী করা হয়।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত