সৌদি আরবে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

আপডেট : ২৪ মে ২০২৬, ১১:২৬ এএম

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালনে করতে গিয়ে এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশি হজযাত্রী শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুবরণকারী এই হাজিদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৯ জন নারী। পবিত্র মক্কা নগরীতে ১৮ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেছেন।

রোববার (২৪ মে) সংশ্লিষ্ট বিমান সংস্থা (এয়ারলাইন্স), সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (বেবিচক) এবং বাংলাদেশ হজ অফিসের যৌথ তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তথ্যমতে, এ বছর এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশী হজযাত্রী ও ব্যবস্থাপনা সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন। এছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি ও বিভিন্ন টিমের ব্যবস্থাপনা সদস্য রয়েছেন ৭৭৪ জন।

হজযাত্রী পরিবহনে মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৯৮টি, সৌদি এয়ারলাইন্স ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩০টি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইন্সে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাসে ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট গিয়েছে ২১ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে আগামী ৩০ জুন শেষ হবে।

YA
আরও পড়ুন