ফাঁসি দ্রুত কার্যকরে সুপ্রিম কোর্টের নজরে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৫:৩৮ পিএম

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলার রায় দ্রুত কার্যকরে ডেথ রেফারেন্স শুনানি এগিয়ে আনতে সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  

রোববার (৭ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় আজ এই মামলার রায় ঘোষণা করেছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড হলে তা ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে শুনানির নিয়ম রয়েছে। সাধারণত ক্রমানুসারে এই শুনানি হলেও, ব্যতিক্রম হিসেবে এই চাঞ্চল্যকর মামলার শুনানি এগিয়ে নেওয়ার জন্য সরকার সুপ্রিম কোর্টের নজরে আনবে। হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকলে রায় কার্যকর করতে বেশি সময় লাগবে না।

তিনি আরও জানান, জনপ্রত্যাশা অনুযায়ী ঈদের ছুটি বাতিল করে আদালত এই মামলার কার্যক্রম পরিচালনা করেছেন। আসামিদের ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, দ্রুত ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে। দেশের বিচার ও তদন্তের ইতিহাসে এটিকে একটি ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

মামলাটির দ্রুত তদন্ত ও আসামি গ্রেপ্তারের সফলতার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দেন মন্ত্রী। একই সাথে রাজবাড়ীর গোয়ালন্দঘাটে ৫০ জনের প্রাণ রক্ষা এবং গজারিয়ায় কিশোরী হত্যার ক্লু উদ্ধারের জন্য পুলিশকে ধন্যবাদ জানান তিনি। তবে অপরাধ দমনের পাশাপাশি পুলিশের যেকোনো গাফিলতি বা নিষ্ক্রিয়তার জন্য বিভাগীয় শাস্তির ব্যবস্থা বহাল থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অন্য এক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারত থেকে ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবি সক্রিয় রয়েছে। সোমবার ভারতে শুরু হতে যাওয়া বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত সমস্যা সমাধানের বিষয়টি গুরুত্ব পাবে এবং এ নিয়ে কূটনৈতিক আলোচনাও চলছে।

AHA
আরও পড়ুন