দিল্লি বিমানবন্দর থেকে ফেরত এলেন তথ্য উপদেষ্টা, নেপথ্যে কী

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৯:৩৯ এএম

দিল্লির বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাজধানী দিল্লিতে যাওয়ার কথা ছিলো তার। ইমিগ্রেশনে দীর্ঘক্ষণ হয়রানির শিকার হওয়ার পর তিনি ভারতে প্রবেশ না করেই দেশে ফিরে এসেছেন। 

রোববার (১৪ জুন) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। 

ঘটনার পর কিছু গণমাধ্যমে তার ‘আটক’ হওয়ার খবর ছড়িয়ে পড়লেও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং দিল্লির কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে তিনি আটক হননি।

অনুসন্ধানে জানা গেছে, কূটনৈতিক পাসপোর্ট ব্যবহারের সুযোগ থাকা সত্ত্বেও তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সাধারণ পাসপোর্ট নিয়ে দিল্লি সফরে গিয়েছিলেন। তবে ভারতীয় ইমিগ্রেশনের তালিকায় তার পাসপোর্টটি 'রেস্ট্রিক্টেড' হিসেবে তালিকাভুক্ত থাকায় বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে আটকে দেওয়া হয়।

আরও জানা গেছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ ড. জাহেদকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে বিভিন্ন বিষয়ে জেরা করতে থাকে। এক পর্যায়ে এই ধরনের হয়রানি ও হেনস্তায় বিরক্ত হয়ে তিনি নিজেই নিজের পাসপোর্ট ফেরত চান এবং দিল্লিতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন। উদ্ভূত পরিস্থিতিতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাও দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থান করে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। পরবর্তীতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের জন্য অনুরোধ করলেও আত্মসম্মান ক্ষুণ্ণ হওয়ায় উপদেষ্টা সেই অনুরোধ প্রত্যাখ্যান করে সরাসরি বাংলাদেশে ফেরত আসেন। সূত্র: গণমাধ্যম

SN
আরও পড়ুন