দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা ও রাষ্ট্রীয় মর্যাদায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কুয়ালালামপুরের হোটেল শাংগ্রি লা থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান পুত্রজায়ায় অবস্থিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে পৌঁছালে এই সংবর্ধনা দেওয়া হয়।
কার্যালয়ের চত্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁর সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। এরপর মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন।

অভ্যর্থনা ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সফরসঙ্গীদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন। একইভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও তাঁর মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন।

পরিচয় পর্ব শেষে পেরদানা পুত্রা ভবনের প্রবেশপথে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুই দেশের সরকারপ্রধান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দ্বিপাক্ষিক একান্ত বৈঠকে মিলিত হন। প্রবাসীদের স্বার্থ রক্ষা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাওয়ার দীর্ঘ সড়কটির দুই পাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়। সূত্র: বাসস