জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী হিসেবে দেশের অবকাঠামো, স্থানীয় সরকার ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ এবং জনসেবামূলক বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও জাইকার মধ্যকার উন্নয়ন অংশীদারিত্ব আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে।
রোববার (৫ জুলাই) সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশে চলমান উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়ন—এসব বিষয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।
এ সময় স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে কাজের মাধ্যমে দেশের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়া হচ্ছে। জাইকার অভিজ্ঞতা, কারিগরি সহায়তা ও বিনিয়োগ বাংলাদেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে জাইকার দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্বকে আরও সুসংহত করবে এবং স্থানীয় সরকারসহ বিভিন্ন খাতে নতুন সহযোগিতার সুযোগ তৈরি করবে।
সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
পল্লী উন্নয়ন দিবসে ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী