জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে বিশিষ্ট মানবাধিকার কর্মী আইরিন খানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের এই স্থায়ী মিশনে তিনি বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার আগেই আইরিন খান তাঁর নতুন কর্মস্থলে যোগ দিতে পারেন। মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইরিন খান ২০২০ সালের ১ আগস্ট থেকে মতপ্রকাশের স্বাধীনতা ও অধিকার রক্ষা বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার (দূত) হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ সালে এই পদটি তৈরি হওয়ার পর তিনিই প্রথম নারী যিনি এই মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত হন।
এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে অ্যামনেস্টি সন্ত্রাসবাদ ও সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপটে রাজনৈতিক ও নাগরিক অধিকারের কাজ শক্তিশালী করার পাশাপাশি নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে প্রথম বৈশ্বিক ক্যাম্পেইন শুরু করে।
পরবর্তীতে ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত আইরিন খান ‘ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশন’ (IDLO)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনে (UNHCR) দীর্ঘ ২১ বছর সদর দফতর ও মাঠপর্যায়ে (যেমন ভারতের মিশন প্রধান) কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তাঁর।
শিক্ষা ও কর্মজীবনে আইরিন খান সুইজারল্যান্ডের জেনেভায় গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে অধ্যাপনা করেছেন। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত যুক্তরাজ্যের স্যালফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং ২০১১ সালে স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক ল স্কুলে ভিজিটিং প্রফেসরের দায়িত্ব পালন করেন। মানবাধিকার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০০৬ সালে তিনি সম্মানজনক 'সিডনি শান্তি পুরস্কার'-এ ভূষিত হন। বাংলাদেশে জন্মগ্রহণ করা আইরিন খান ম্যানচেস্টার ইউনিভার্সিটি এবং হার্ভার্ড ল স্কুলে আইন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন।
নতুন পে-স্কেলে বেতন বৃদ্ধির নিয়মে আসছে পরিবর্তন
সিঙ্গাপুরকে হটিয়ে স্টারলিংকের দক্ষিণ এশিয়ার ট্রানজিট হাব হচ্ছে বাংলাদেশ
প্রধানমন্ত্রী নিয়মিত বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে দেন: স্বাস্থ্যমন্ত্রী