টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র জাতীয় পর্যায়ে উন্নীত হবে: সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১০:১০ পিএম

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)কে জাতীয় পর্যায়ের কেন্দ্রে উন্নীত করার পাশাপাশি এর ধারণক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কেন্দ্রটিতে শিশুদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে আরও কার্যকরভাবে পুনর্বাসন, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা যায়।

বৃহস্পতিবার (৯ জুলাই) টঙ্গীর কলেজগেট এলাকায় অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) পরিদর্শন এবং ‘শিশু উন্নয়ন কেন্দ্রের ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিদর্শনের সময় তিনি নির্মাণাধীন নতুন ভবনের কাজের অগ্রগতি দেখেছেন এবং কেন্দ্রে অবস্থানরত শিশুদের সঙ্গে কথা বলেছেন। তাদের কাছ থেকে খাবারের মান নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শিশুদের বন্দি করে রাখাই সরকারের উদ্দেশ্য নয়। সংশোধন, শিক্ষা এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে তাদের আত্মনির্ভরশীল হতে এবং কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, উন্নয়ন কেন্দ্র থেকে বের হওয়ার পর শিশুরা যাতে পুনরায় অপরাধ বা বিপথগামিতায় জড়িয়ে না পড়ে, সে জন্য চিকিৎসাসেবা, মনোসামাজিক সহায়তা এবং কাউন্সেলিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

ভবঘুরেদের পুনর্বাসন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের জন্য সরকারের পৃথক আশ্রয় ও প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। আদালতের নির্দেশে সেখানে পাঠানো হলেও অনেকেই পরে আগের জীবনধারায় ফিরে যান। তাই শুধু আইন প্রয়োগকারী সংস্থা বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব নয়। মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শন ও সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু ইউছুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান এবং শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এর তত্ত্বাবধায়ক মো. ইমরান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Attr/AHA
আরও পড়ুন