‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম

আগামী ৫ আগস্ট দেশের বহুল প্রতীক্ষিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিন থেকেই জাদুঘরটি সাধারণ মানুষের দর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক আহ্বানের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে অধিবেশনে দেওয়া বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই মাসেই জুলাই স্মৃতি জাদুঘরটি খুলে দেওয়া উচিত। কিছু কাজ বাকি থাকলেও তা চলমান রেখে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করার পরামর্শ দেন তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করলে এবং আমন্ত্রণ পেলে তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেও জানান বিরোধীদলীয় নেতা।

এদিকে, একই দিন দুপুরে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জাদুঘর উদ্বোধনের বিষয়টি গণমাধ্যমকে জানান। ডা. জাহেদ উর রহমান বলেন, আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সব ধরনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সরকারি বাসভবন ‘গণভবন’-কে এই ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ রূপান্তর করা হয়েছে।

SN
আরও পড়ুন