গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা জানালো ইসি

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০২:৩৩ পিএম

সংসদের রেফারেন্স পেলে নৈতিক স্খলনজনিত কারণে জামায়াতে ইসলামী থেকে বহিস্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর, তার সংসদ সদস্যপদের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) তখনই পদক্ষেপ নেবে, যখন বিষয়টি জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিকভাবে কমিশনের কাছে পাঠানো হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, সংসদ থেকে এ বিষয়ে এখনো কোনো রেফারেন্স নির্বাচন কমিশনের কাছে আসেনি। এ ধরনের কোনো রেফারেন্স পাওয়া গেলে, কমিশন আইন অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করবে।

এক প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংসদ থেকে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হলে, কমিশন তা আমলে নেবে এবং যথাযথ তদন্ত ও শুনানির পর সিদ্ধান্ত গ্রহণ করবে।

তিনি আরও বলেন, বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হিসেবেই বহাল থাকবেন। তবে তিনি যদি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন, সে বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারে পড়ে না। 

নির্বাচন কমিশনার বলেন, সংসদ সদস্যের পদত্যাগ ও রাজনৈতিক দলের পদ থেকে পদত্যাগ দুটি পৃথক বিষয়। সংসদ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে, বিষয়টি নির্বাচন কমিশনে পাঠালে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, এ ধরনের বিষয় স্পিকারের কার্যালয় থেকে নির্বাচন কমিশনের কাছে আসতে হবে। স্পিকার কোন ভিত্তিতে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠাবেন বা পাঠাবেন কি না— সেটি সম্পূর্ণ তার এখতিয়ার।

সূত্র: বাসস

YA
আরও পড়ুন