গ্যাস সংকট নিয়ে গ্রাহকদের তিতাসের নতুন বার্তা

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০১:৩৯ পিএম

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, এলএনজি টার্মিনালগুলোর সমস্যার কারণে রি-গ্যাসিফাইড এলএনজি (আরএলএনজি) সরবরাহ দৈনিক প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাসের আওতাভুক্ত আবাসিক, শিল্প, বাণিজ্যিক, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজিসহ সব ধরনের গ্রাহক তীব্র স্বল্পচাপের সমস্যায় পড়তে পারেন।

তিতাস কর্তৃপক্ষ জানায়, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের সাময়িক ভোগান্তি অব্যাহত থাকতে পারে। এ জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

এদিকে গ্যাস সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়েছে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায়। অনেক বাসাবাড়িতে রান্নার কাজে বিঘ্ন ঘটছে। চুলায় গ্যাসের চাপ কম থাকায় স্বাভাবিকভাবে রান্না করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম এবং সিএনজি স্টেশনগুলোর সেবাতেও সমস্যা দেখা দিয়েছে।

AM/YA
আরও পড়ুন