যাত্রা শুরু করলো আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৯:৩৮ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)। 

সোমবার (৩ আগস্ট) প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। 

একই অনুষ্ঠানে তিনি ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গঠনে ভূমিকা রেখে আসছে। সময়ের চাহিদা বিবেচনায় আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই নতুন এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রতিষ্ঠানটিতে ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটানো হবে। এর মাধ্যমে জ্ঞান, নেতৃত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ শিক্ষার্থী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট ভবিষ্যতে শিক্ষা, আদর্শ এবং নৈতিক মূল্যবোধ বিকাশের একটি উৎকৃষ্ট কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে দায়িত্বশীল নেতৃত্ব তৈরিতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত