বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুট সম্প্রসারণ ও আয় বাড়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে বিমান ভাড়া আরও কমানোর বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
হজযাত্রীদের বিমান ভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, একসময় বিমান বাংলাদেশ প্রায় ২ লাখ টাকা ভাড়া নিত। পরে অন্তর্বর্তী সরকার তা কমিয়ে প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা করে। গত হজে ভাড়া সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছর ডায়নামিক প্রাইসিং পদ্ধতিতে তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।
ভবিষ্যতে বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, নতুন উড়োজাহাজ কেনা, বন্ধ থাকা রুট পুনরায় চালু এবং বিদ্যমান রুটগুলো পূর্ণাঙ্গভাবে পরিচালনার বিষয় বিবেচনায় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, বিমানের রুটগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে আয় বাড়বে। তখন যাত্রীদের জন্য ভাড়া আরও কমানোর বিষয়টি বিবেচনা করা হবে। অন্যান্য এয়ারলাইন্স যেভাবে টিকিটের মূল্য নির্ধারণ করে, সেই পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখেই বিমান বাংলাদেশও ভাড়া নির্ধারণ করবে।
অভ্যন্তরীণ রুটে অস্বাভাবিক ভাড়া নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে বিমানের মূল ভাড়া প্রায় ৬ হাজার ৪০০ টাকা। এর সঙ্গে প্রায় ১৫ শতাংশ কর ও অন্যান্য প্রযোজ্য চার্জ যুক্ত হয়।
ফ্লাইট ছাড়ার কাছাকাছি সময়ে টিকিটের দাম বাড়ানো এবং কালোবাজারি ঠেকাতে সরকার ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। সরকারি নির্ধারিত মূল্যে যাত্রীরা যাতে টিকিট কিনতে পারেন, তা নিশ্চিত করা হবে।
মন্ত্রী বলেন, ‘ইনশাআল্লাহ, আপনাদের কখনো বেশি দামে এই টিকিট কিনতে হবে না। নির্ধারিত মূল্যেই টিকিট কিনতে পারবেন।’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক সক্ষমতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণ আরও সাশ্রয়ী করতে সরকার কাজ করছে বলেও জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ
দুর্গম চরের শিক্ষকদের জন্য আসছে বিশেষ ভাতা
৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি: আইনমন্ত্রী