দুই মাসের সফরে নিউইয়র্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১১:২৭ এএম

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার, ৩০ আগস্ট দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ৩১ আগস্ট থেকে ২১ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের পাশাপাশি অন্যান্য বিষয়েও তাঁকে সহায়তা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।

এর আগে গত ২ জুন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটে তাঁকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করেন। নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।

এএম
আরও পড়ুন