বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নারায়ণগঞ্জ (কাঁচপুর)-ভোলা (ইলিশা) ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আজ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বর্তমানে বিআইডব্লিউটিসি ৭টি অভ্যন্তরীণ রুটে ফেরি সার্ভিস পরিচালনা করছে। এর পাশাপাশি ২০২৫ সালে চট্টগ্রাম (সীতাকুণ্ড)-সন্দ্বীপ (গুপ্তছড়া) এবং ২০২৬ সালে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট-নলচিরা রুটে উপকূলীয় ফেরি সার্ভিস চালু করা হয়েছে।
দ্বীপ ও দ্বীপাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগব্যবস্থা সহজীকরণ এবং শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে সমতা বিধানের লক্ষ্যে গত ২৭ আগস্ট ২০২৬ থেকে ভোলার ইলিশা ও নারায়ণগঞ্জের কাঁচপুরের মধ্যে পরীক্ষামূলকভাবে সরাসরি ফেরি সার্ভিস চালু করা হয়।
সদ্য চালু হওয়া এই ফেরি সার্ভিসটি ভোলা জেলার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী, পণ্য পরিবহনকারী ও ট্রাকচালকরা এ রুট ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সরাসরি ফেরি যোগাযোগ চালু হওয়ায় ভোলার সঙ্গে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের পণ্য ও যাত্রী পরিবহন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
নারায়ণগঞ্জের কাঁচপুরের সঙ্গে ভোলার ইলিশার সরাসরি ফেরি যোগাযোগ দ্বীপ জেলা ভোলার মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে এর ইতিবাচক প্রভাব পড়বে।
এ ফেরি সার্ভিস চালুর ফলে বিআইডব্লিউটিসির রাজস্ব আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা প্রতিষ্ঠানটিকে ক্রমান্বয়ে আরও সক্ষম ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সহায়ক হবে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ (কাঁচপুর)-ভোলা (ইলিশা) সরাসরি ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বিকাল ৫টায় নারায়ণগঞ্জের কাঁচপুর ফেরিঘাটে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
আগ্নেয়গিরির দাপট কমায় ইন্দোনেশিয়ায় খুললো ৫ বিমানবন্দর
ঢাবি শিক্ষকদের মূল্যায়নে ডাকসুর অনলাইন প্ল্যাটফর্ম চালু