গ্যাস সরবরাহ স্বাভাবিক

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ইউরিয়া উৎপাদনে সিইউএফএল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ এএম

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় ফের উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির কারণে এখনো সার উৎপাদন শুরু করা যায়নি। ত্রুটি মেরামতের কাজ শেষ হলেই শিগগির ইউরিয়া উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিইউএফএলের মহাব্যবস্থাপক (বাণিজ্য) এস এম আবদুল্লাহ আল মামুন বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ পাচ্ছে কারখানা। এরই মধ্যে অ্যামোনিয়া প্ল্যান্ট চালু করা হয়েছে।

ইউরিয়া উৎপাদনের প্রধান দুই কাঁচামাল তরল অ্যামোনিয়া ও কার্বন ডাই-অক্সাইড। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় অ্যামোনিয়া উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে। তবে ইউরিয়া প্ল্যান্ট চালুর আগে যান্ত্রিক ত্রুটিগুলো মেরামত করা হবে। এ কারণে ১২ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদন শুরুর লক্ষ্য থাকলেও তা সম্ভব হয়নি।

সিইউএফএলের এক কর্মকর্তা বলেন, সার কারখানা দীর্ঘদিন বন্ধ থাকলে বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি পাইপলাইনে মরিচা পড়ে লিকেজ তৈরি হতে পারে। এসব যান্ত্রিক সমস্যা সমাধানে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই ইউরিয়া উৎপাদন শুরু হবে।

তিনি আরও জানান, সবকিছু অনুকূলে থাকলে সিইউএফএলে প্রতিদিন ১ হাজার টন ইউরিয়া উৎপাদন হবে। দেশের সার সরবরাহে কারখানাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অন্যদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) এক কর্মকর্তা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সার ও বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হয়। বর্তমানে সিইউএফএলে প্রতিদিন ৪০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করা হচ্ছে। প্রয়োজন হলে সরবরাহ আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

সিইউএফএল শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) একটি প্রতিষ্ঠান। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় কর্ণফুলী নদীর মোহনায় প্রাকৃতিক গ্যাস থেকে নাইট্রোজেনসমৃদ্ধ প্রিল্ড ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যে কারখানাটি স্থাপন করা হয়। সার উৎপাদনের মাধ্যমে দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে সিইউএফএল।

এমইউ
আরও পড়ুন