প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

২ থেকে ৩ হাজার টাকায় মিলবে স্মার্টফোন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

স্মার্টফোনের দাম ২ থেকে ৩ হাজার টাকায় নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে জানিয়ে মাহদী আমিন বলেন, এর মাধ্যমে প্রতিবছর ৫ হাজার তরুণকে জামানতবিহীন ঋণ দেওয়া হবে। তিনি বলেন, সাধারণ মানুষের হাতে স্মার্টফোন তুলে দিতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকায় নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে। এছাড়া সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামো (সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা) অনুমোদন করা হয়েছে।

‘বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি এবং এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে বিনামূল্যে সুষম খাবার সরবরাহের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। এছাড়া শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

জুলাই বিপ্লবের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাহদী আমিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ৭৪ জন শহিদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসী আয়ের কথা উল্লেখ করে তিনি জানান, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও গত ৬ মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৩ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এখন সম্পূর্ণ বিনামূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং বন্যাদুর্গত নেপালে ১ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএম
আরও পড়ুন