নিরাপদ-সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ এএম

নিরাপদ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি অভিবাসনকে দেশের উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনার ওপর গুরুত্বারোপ করেছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (আরএমএমআরইউ) একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে ড. তাসনিম সিদ্দিকী আরএমএমআরইউয়ের ৩০ বছরের গবেষণা, মাঠপর্যায়ের কার্যক্রম ও বিভিন্ন অর্জন সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, শ্রম অভিবাসন, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, শরণার্থী এবং অভিবাসী শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা ও নীতিগত পর্যায়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

আলোচনায় অভিবাসী কর্মীদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে বিদেশ যাওয়ার সুযোগ নিশ্চিত করা, অভিবাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা বাড়ানো এবং অভিবাসীদের ইতিবাচক অবদানকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

এ সময় অভিবাসীদের অবদানকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে ‘অভিবাসন দশক’ ঘোষণার উদ্যোগের বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা।

সাক্ষাতে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত জনগোষ্ঠী নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে আরএমএমআরইউয়ের গবেষণা ও নীতিগত উদ্যোগ, বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য জাতীয় পর্যায়ে ককাস গঠন এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অভিজ্ঞতা ও উদ্যোগ তুলে ধরার বিষয়গুলো আলোচনায় আসে।

এ ছাড়া আরএমএমআরইউয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে আশ্বস্ত করেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন আরএমএমআরইউয়ের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক সি আর আবরার, উপ-নির্বাহী পরিচালক মোতাসিম বিল্লাহ, প্রোগ্রাম পরিচালক মারিনা সুলতানা এবং সিনিয়র রিসার্চ ফেলো মাহমুদুল হাসান রকি।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিব উপস্থিত ছিলেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত