রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ‘বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধার সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া।
সাংবাদিকরা নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে জানতে চান, রাজধানীতে ককটেল বিস্ফোরণের সঙ্গে শুধু কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরাই জড়িত কি না, নাকি এর সঙ্গে অন্য কোনো পক্ষও যুক্ত রয়েছে।
জবাবে মো. তোফায়েল আহমেদ মিয়া বলেন, ‘আমার কাছে মনে হয় তাকে (নাসীরুদ্দীন পাটওয়ারী) জিজ্ঞাসাবাদ করা উচিত।’
সম্প্রতি রাজধানীতে একটি প্রতিবাদ মিছিল শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাঁদের প্রধান তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ধরনের ককটেল বিস্ফোরণ ঘটবে না।
এই বক্তব্যের কারণ জানতে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মন্তব্য করেন ডিএমপির ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করতে হবে তিনি এই বক্তব্যটা কেন দিয়েছেন। আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।’
তবে নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ মিয়া বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।
এর আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে শ্যামপুর মডেল থানা পুলিশ। একই অভিযানে অসৎ উদ্দেশ্যে তৈরি করা ৯ হাজার কাগজের মুখোশও উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহিদ হাসান ইমন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আল-জাজিরার অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’
দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা