রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হয়েছেন বলে সৌদি কর্তৃপক্ষের বরাতে জানানো হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ১০ অক্টোবর ইয়েমেনের হুথিদের চালানো প্রাণঘাতী হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিক রয়েছেন। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সরকার এ হামলার ‘দ্ব্যর্থহীন ভাষায় তীব্র নিন্দা’ জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে দূতাবাস।

নিহত বাংলাদেশিদের পরিবারের সদস্যসহ সব শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঢাকা। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামোতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।

হামলার ঘটনায় সৌদি আরব সরকার ও দেশটির জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা।

বিবৃতিতে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক ও দুইজন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এক সপ্তাহের মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি হুথিদের তৃতীয় হামলা বলে দাবি করা হয়েছে। গত এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি ভূখণ্ডে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবেও বর্ণনা করা হচ্ছে।

ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যেই রিয়াদের বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটেছে। দেশটির নিয়ন্ত্রণ নিয়ে হুথি বিদ্রোহীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর সঙ্গে লড়াই করছে। ইরানের সমর্থনপুষ্ট হিসেবে পরিচিত হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের সরকারি বাহিনীর স্থল অভিযানে সৌদি আরব বিমান হামলার মাধ্যমে সহায়তা দিয়ে আসছে।

রিয়াদের বিমানবন্দরে হামলার ঘটনায় বেসামরিক মানুষের প্রাণহানি এবং বিভিন্ন দেশের নাগরিকের মৃত্যু আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বাংলাদেশ সরকার হামলার নিন্দা জানানোর পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।

এমএজেড
আরও পড়ুন