সরকারি বাসা বরাদ্দের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আনতে অনলাইন সেবা চালু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এর মাধ্যমে বরাদ্দপ্রত্যাশীরা সহজেই অনলাইনে বাসা বরাদ্দের ফলাফল জানতে পারবেন। নতুন এই ব্যবস্থায় সময় ও ভোগান্তি কমার পাশাপাশি বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনে বাসা বরাদ্দের ফলাফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী জাকারিয়া তাহের।
সরকারি আবাসন পরিদপ্তরের বিভিন্ন শ্রেণির ৫৪টি শূন্য বাসার বিপরীতে মোট ৫৯৬টি আবেদন জমা পড়ে। গত ১৫ সেপ্টেম্বর অনলাইনে বাসা বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।
প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই শেষে ৩৪২টি আবেদন গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় বাকি ২৫৪টি আবেদন বাতিল করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, দেশে সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক সেবা সহজীকরণ করা সরকারের অঙ্গীকার। মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার অংশ হিসেবেই সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে অনলাইনে বরাদ্দের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন এবং সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এর আগে সরকারি বাসা বরাদ্দের পুরো প্রক্রিয়া ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন হতো। প্রযুক্তির ব্যবহারে নাগরিক সেবা আরও সহজ ও জনবান্ধব করতে সরকারি আবাসন পরিদপ্তর বাসা বরাদ্দের কার্যক্রম স্বয়ংক্রিয় করেছে।
অনলাইনে বরাদ্দের ফলাফল প্রকাশের ফলে আবেদনকারীরা সহজেই ফলাফল জানতে পারবেন। এতে ফলাফল জানার জন্য সময় ও ভোগান্তি কমবে। পাশাপাশি বাসা বরাদ্দ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং তথ্যপ্রাপ্তির সুযোগ বাড়বে।
রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
সিরিয়ার দক্ষিণে বাড়ি ও পশুখাদ্যের গুদামে আগুন দিলো ইসরায়েলি সেনারা