মাঝ আকাশে দরজায় ত্রুটি, ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৫ এএম

ভারতের আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটের মাঝপথেই আকাশযানটির একটি দরজা খুলে গেলে চালক তড়িঘড়ি করে ঢাকায় অবতরণের সিদ্ধান্ত নেন।

জরুরি অবতরণের পরপরই উড়োজাহাজে থাকা গুরুতর অসুস্থ এক নারীকে চিকিৎসার জন্য দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। রোববার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফ্লাইটে দুই পাইলট ও এক রোগীসহ মোট সাতজন যাত্রী ছিলেন। অঞ্জনা ভৌমিক নামের নিহত ওই নারী এবং অন্যান্য সব যাত্রীই ভারতের নাগরিক।

এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেডের পরিচালিত 'C90A' মডেলের উড়োজাহাজটি (নিবন্ধন নম্বর VT-HYA) আগরতলা থেকে রোগী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহ-পাইলট ক্যাপ্টেন তনুজ শর্মা এটি পরিচালনা করছিলেন।

উড়োজাহাজের দরজা কী কারণে হঠাৎ খুলে গিয়েছিল এবং ওই নারীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কী—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার সার্বিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত