হজের বিমানভাড়া কমানোর সিদ্ধান্ত, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম

হজযাত্রীদের খরচ কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি দেশের মসজিদগুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় সেবাকর্মী আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজযাত্রীদের ব্যয়ের বিষয়টি বিবেচনা করে বিমানের ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মসজিদে দায়িত্ব পালনকারী ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেওয়ার উদ্যোগও প্রধানমন্ত্রীর সদিচ্ছার প্রতিফলন।

ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। হজযাত্রীদের আর্থিক চাপ কমানোর পাশাপাশি ধর্মীয় অঙ্গনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহযোগিতা নিশ্চিত করতেও কাজ চলছে। ভাতা চালু হলে মসজিদের সেবায় নিয়োজিত ব্যক্তিরা আর্থিকভাবে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের আলেম-ওলামাদের জাতীয় শান্তি, স্থিতিশীলতা ও সামগ্রিক কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান মন্ত্রী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠান পরিচালনা করছেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী।

মাহফিলে বক্তব্য দেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ দেশের বিভিন্ন এলাকার আলেমরা। এতে স্থানীয় আলেম-ওলামা, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত