তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, ট্রানজিট নিয়ে মানুষকে মিথ্যা তথ্য দিচ্ছে বিএনপিসহ একটি মহল। সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য বিরোধীরা বিরোধীতা করছেন। তিনি বলেন, দেশের আইনের মধ্যে থেকেই বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন পরিচালিত হবে।
সোমবার (১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন। সেখানে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মূলধারার গণমাধ্যমে অপপ্রচার হয়েছে। এ নিয়ে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মিথ্যাচার করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বুক চিরে ভারতের ট্রেন চলবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেছেন, আমাদের দেশ নাকি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। ট্রেনে করে ভারত নাকি আর্মস নিয়ে যাবে। কিন্তু সমঝোতা স্মারকে এমন কিছুই নেই। বরং আর্মসসহ এ জাতীয় কিছুই পরিবহণ করা যাবে না উল্লেখ আছে। এটা নিয়ে কল্পিত ঝুঁকির ভয় দেখানো হচ্ছে সাধারণ মানুষকে।
তিনি আরও বলেন, ভারত শুধু আমাদের ওপর নিয়ে ট্রেন নিয়ে যাবে না বরং আমরাও ভারতের ওপর দিয়ে ট্রেন নিয়ে নেপাল, ভুটান যাবো। এসব অর্জনকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এটাকে তো নতজানু পররাষ্ট্রনীতি বলে না।

