ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকার একটি উদ্বোধনী খাম ও ৫ টাকার একটি ডে-কার্ড উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তিনি এই বিশেষ ডাকটিকিট উন্মোচন করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজই প্রথম তেজগাঁও কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন তারেক রহমান। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে অফিস করেছিলেন।

আজ সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। কার্যালয়ে প্রবেশ করার আগে প্রধানমন্ত্রী সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে কর্মরত স্টাফদের অনেককে নাম ধরে ডেকে কাছে টেনে নেন তিনি, যা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

দিনের কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাতে অংশ নেন।

ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বিশেষ স্মারক ডাকটিকিট ও খামগুলো আজ থেকেই ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরোসহ দেশের সব প্রধান ডাকঘর থেকে সংগ্রহ করা যাবে।

DR/SN
আরও পড়ুন