পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার (১৩ মার্চ)। ১৩ মার্চ পাওয়া যাবে আগামী ২৩ মার্চের টিকিট। বরাবরের মতো এবারও যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। রেলওয়ের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হবে এসব টিকিট। এ সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হবে ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
আরও সিদ্ধান্ত হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
রেলওয়ে জানিয়েছে, অগ্রিম টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী তাঁর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একটি আইডি থেকে সর্বোচ্চ ৪টি আসন সংগ্রহ করা যাবে।
যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে নন-এসি কোচে মোট আসনের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার’ (স্ট্যান্ডিং) টিকিট রাখা হয়েছে। এই টিকিটগুলো যাত্রা শুরুর দিন প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করতে হবে।

