ছবি সুন্দর না হওয়ায় সংবাদ আলোকচিত্রীদের নিষিদ্ধ করলো পেন্টাগন

আপডেট : ১২ মার্চ ২০২৬, ১০:৩৪ এএম

যুদ্ধের মাঝে এক অদ্ভুত ও নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন)। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রকাশিত কিছু ছবি তার কর্মীদের কাছে ‘অসন্তোষজনক’ মনে হওয়ায় পেন্টাগনের ব্রিফিংগুলোতে সংবাদ আলোকচিত্রীদের (Press Photographers) প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২ মার্চ ইরানে সামরিক হামলা সংক্রান্ত এক বিরল সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন হেগসেথ। সেখানে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স এবং গেটি ইমেজেসের মতো বিশ্বখ্যাত সংবাদ সংস্থার আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ের পর সেসব গণমাধ্যমে প্রকাশিত হেগসেথের ছবিগুলো দেখে তার কর্মীরা দাবি করেন, ছবিতে মন্ত্রীকে ‘সুন্দর দেখাচ্ছে না’ (Unflattering)।

এরপরই গত ৪ এবং ১০ মার্চের ব্রিফিংগুলোতে সাধারণ সংবাদ আলোকচিত্রীদের আর প্রবেশ করতে দেওয়া হয়নি। বর্তমানে কেবল পেন্টাগনের নিজস্ব আলোকচিত্রীদের তোলা ছবিই গণমাধ্যমগুলোকে ব্যবহারের জন্য দেওয়া হচ্ছে।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উইলসন এক বিবৃতিতে জানান, ব্রিফিং রুমের জায়গার সর্বোচ্চ ব্যবহারের জন্য প্রতিটি সংবাদ সংস্থা থেকে কেবল একজন প্রতিনিধিকে অনুমতি দেওয়া হচ্ছে। তবে সরকারের এই সিদ্ধান্তকে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে মনে করছে আলোকচিত্রী সংগঠনগুলো।

জাতীয় প্রেস ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের (NPPA) সভাপতি অ্যালেক্স গার্সিয়া এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘যুদ্ধের এই ভয়াবহ সময়ে একজন সরকারি কর্মচারীর নিজের ছবি কেমন দেখাচ্ছে, তা নিয়ে দুশ্চিন্তা করাটা অত্যন্ত লজ্জাজনক। সরকার যদি কেবল তাদের পছন্দের ছবি প্রকাশের অনুমতি দেয়, তবে মুক্ত গণমাধ্যম কাজ করতে পারবে না।’

সাবেক ফক্স নিউজ উপস্থাপক পিট হেগসেথ ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পর থেকেই গণমাধ্যমের সাথে তার এক ধরণের সংঘাত চলছে। এর আগে তথ্য গোপনের অভিযোগে শত শত সাংবাদিক পেন্টাগন থেকে তাদের পরিচয়পত্র জমা দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। নিউ ইয়র্ক টাইমস এই নীতির বিরুদ্ধে সরকারের নামে মামলাও করেছে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে চলমান অস্থিতিশীলতা ও ইরান যুদ্ধের খবর সংগ্রহের চেয়ে নিজের চেহারা নিয়ে মন্ত্রীর এই সংবেদনশীলতা ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

DR
আরও পড়ুন