২৭তম বিসিএসের ৯৬ বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

আপডেট : ১৩ মে ২০২৬, ০৩:৩৭ পিএম

২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও দীর্ঘ সময় ধরে নিয়োগবঞ্চিত আরও ৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। 

বুধবার (১৩ মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তাদের আগামী ১৮ মে-এর মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। যদি কেউ নির্ধারিত তারিখের মধ্যে যোগদানে ব্যর্থ হন, তবে তিনি চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে বিবেচিত হবেন এবং তার নিয়োগপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা সংক্রান্ত জটিলতা এড়াতে প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপন যে তারিখে জারি করা হয়েছিল, সেই তারিখ থেকেই তাঁদের নিয়োগ ভূতাপেক্ষিকভাবে (Retrospective) কার্যকর হবে। অর্থাৎ তাঁরা চাকরিতে যোগদানের পর থেকে তাঁদের ব্যাচের অন্য কর্মকর্তাদের মতোই ‘ধারণাগত জ্যেষ্ঠতা’ লাভ করবেন। তবে জ্যেষ্ঠতা পেলেও এই দীর্ঘ মধ্যবর্তী সময়ের জন্য কোনো ধরণের বকেয়া বেতন বা আর্থিক সুবিধা তাঁরা পাবেন না।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে উত্তীর্ণ প্রার্থীরা দীর্ঘ আইনি লড়াই শুরু করেন। হাইকোর্ট হয়ে মামলাটি আপিল বিভাগে পৌঁছালে গত বছরের ২০ ফেব্রুয়ারি আদালত ১ হাজার ১৩৭ জন বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দেওয়ার ঐতিহাসিক নির্দেশ দেন। আদালতের নির্দেশনার ধারাবাহিকতায় গত ১৮ ডিসেম্বর প্রথম দফায় ৬৭৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। তারই দ্বিতীয় পর্যায়ে এবার আরও ৯৬ জন নিয়োগ পেলেন।

FJ
আরও পড়ুন