হাম ও উপসর্গে একদিনে ৮ প্রাণহানি, নতুন আক্রান্ত ১৬১৫

আপডেট : ১৩ মে ২০২৬, ০৪:৩৬ পিএম

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬১৫ জনের শরীরে এই সংক্রামক ব্যাধির লক্ষণ পাওয়া গেছে। 

বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট বিভাগে, সেখানে ৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ২ জন মারা গেছেন। বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ৪৮৯ জনের মধ্যে রোগটির বিভিন্ন উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ৭ হাজার ১৫০ জনের হাম শনাক্ত হলো এবং ৫৩ হাজার ৫৬ জন উপসর্গে আক্রান্ত হলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৮ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ৮৩২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত দুই মাসে (১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত) সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৩২ জন মৃত্যুবরণ করলেন। চিকিৎসকরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার এবং উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

FJ
আরও পড়ুন