বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করছে।
রোববার (১১ অক্টোবর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে 'ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ' (এফএসডিএস) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের জন্য শুধু বাংলাদেশের একক প্রচেষ্টাই যথেষ্ট নয়। এটি সফল করতে চীন, জাপান, আসিয়ান এবং জাতিসংঘসহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের নিয়ে একটি সমন্বিত কৌশলগত জোট গড়ে তোলা প্রয়োজন।
অতিসম্প্রতি জাপানের বিশেষ দূত বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এ বিষয়ে আলোচনা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ মাসের শেষের দিকে প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরেও প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করার বিষয়টি আলোচনার প্রধান এজেন্ডা হিসেবে থাকবে বলে জানান মন্ত্রী।
রাখাইন রাজ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিবর্তন তুলে ধরে মন্ত্রী জানান, সেখানে আইনি সরকারের পাশাপাশি বড় একটি এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এই পরিবর্তিত বাস্তবতায় শান্তিপূর্ণ উপায়ে প্রত্যাবাসন সফল করতে অনানুষ্ঠানিক যোগাযোগসহ নানা কূটনৈতিক মাধ্যম ব্যবহার করছে বাংলাদেশ।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ বলেন, এটি কেবল মানবিক সমস্যা নয়, বরং জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার সাথে যুক্ত। তাই অস্থায়ী ত্রাণ সহায়তার বদলে এখন টেকসই প্রত্যাবাসন ও সমন্বিত জাতীয় কৌশলের ওপর গুরুত্ব দেওয়া উচিত।
অনুষ্ঠানের শেষ অংশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে এই ইস্যুটি জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় দ্রুত সমাধানের আশা প্রকাশ করেন তিনি।
এফএসডিএস-এর চেয়ারম্যান মেজর জেনারেল ফজলে এলাহী আকবর (অব.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশিষ্ট শিক্ষাবিদ ও সামরিক বিশেষজ্ঞরা বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তারা একমত প্রকাশ করেন যে, শুধু ফিরিয়ে নেওয়াই নয়, বরং নাগরিকত্ব, নিরাপত্তা ও জীবিকার সুযোগ নিশ্চিত করাই টেকসই প্রত্যাবাসনের মূল শর্ত।
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ ৪ দিন পর উদ্ধার
আবুধাবি টেস্টে হাসান মাহমুদের হ্যাটট্রিকসহ ফাইফার