আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ। আজকের ভাষণের তালিকায় রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বিটিভি সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচারিত হবে। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। রোববার সন্ধ্যা ৬টায় চরমোনাই পীর এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ সম্প্রচার করা হয়।
নির্বাচনকালীন প্রচারণার অংশ হিসেবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের এই বিশেষ ভাষণের সুযোগ দিচ্ছে বিটিভি, যাতে তারা তাদের নির্বাচনি অঙ্গীকার ও পরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরতে পারেন।
বিটিভিতে ভাষণ দেবেন বিএনপি-জামায়াত-এনসিপি প্রধানরা
