পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামায়াত: জুবায়ের 

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

নির্বাচনে প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সতর্ক করেছেন যে, কোনো ধরনের ‘পাতানো নির্বাচন’ হলে তা তার দল মেনে নেবে না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টায় ১৬ সদস্যের ইইউ প্রতিনিধিদলটি জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে আসে এবং দীর্ঘ এক ঘণ্টা বৈঠক করে।

জুবায়ের জানান, ইইউ প্রতিনিধিদল নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা হুমকি আছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে। জামায়াতের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে, নির্বাচনে এখনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমতল ভূমির অভাব রয়েছে।

জামায়াতের এই নেতা অভিযোগ করেন, প্রশাসনের উচ্চপর্যায়ের একটি অংশ পক্ষপাতিত্ব করছে। তিনি বলেন, “এ অবস্থা থেকে দ্রুত বের হয়ে না এলে জামায়াত কঠোর অবস্থান নেবে।” এছাড়া নির্বাচন কমিশনকে (ইসি) ‘দুর্বল’ উল্লেখ করে তাদের আরও সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।

নির্বাচনি সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জুবায়ের বলেন, এ পর্যন্ত জামায়াতের ১৫টি নির্বাচনি অফিসে আগুন দেওয়া হয়েছে এবং নেতা-কর্মীদের প্রচারে বাধা ও হয়রানি করা হচ্ছে। এ সময় তিনি লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান, যাতে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি না হয়।

তিনি আরও জানান, ইইউ ছাড়াও যুক্তরাজ্য ও তুরস্কসহ আরও বেশ কয়েকটি দেশের পর্যবেক্ষক দল খুব শীঘ্রই জামায়াত কার্যালয়ে এসে বৈঠক করবে।

FJ
আরও পড়ুন