ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন পাঁচ স্বতন্ত্র প্রার্থী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
সরে দাঁড়ানো পাঁচ প্রার্থী হলেন- টেলিভিশন প্রতীকের আবুল কালাম আজাদ, মোরগ প্রতীকের কাজী এনায়েতউল্লাহ, আনারস প্রতীকের মো. রাশেদ আহমেদ, ডাব প্রতীকের শামীম আহমদ ও আপেল প্রতীকের মঞ্জুর হুমায়ুন।
আবদুস সালাম বলেন, সাইকেল প্রতীকে তপু রায়হান এবং আপেল প্রতীকে মঞ্জুর হুমায়ুন ঢাকায় না থাকায় তারা টেলিফোনে বিএনপি চেয়ারম্যান ও তার প্রতীক ধানের শীষকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে আগেই মোরগ প্রতীকে কাজী এনায়েতউল্লাহ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।
টেলিভিশন প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, রাজনৈতিক কারণে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে যেকোনো মূল্যে বিজয়ী করতে হবে। একটি শক্তি আবারও নতুন চক্রান্ত শুরু করেছে। আমরা একাত্তরের আগে ফেরত যেতে চাই না। ভুলত্রুটি শুধরে এগিয়ে যেতে হবে।
ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমদ বলেন, একটি স্লোগান-সবার আগে বাংলাদেশ-কে সমর্থন দিতেই আমি এসেছি। এই স্লোগানকে সমর্থন জানিয়ে আমার ভোটারদের প্রতি আহ্বান, যারা আমাকে ভোট দিতে চেয়েছিলেন, তারা ধানের শীষ প্রতীকে ভোট দিন। দেশবিরোধী কোনো শক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই না।
এককভাবে সরকার গঠন করবে বিএনপি: ডয়চে ভেলেকে তারেক রহমান
