ইরানের এখনই বিজয় ঘোষণা করা উচিৎ: জাভেদ জারিফ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম

চলমান যুদ্ধে ইরানের বিজয় ঘোষণা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ, যুদ্ধের অবসানে একটি কৌশলগত রূপরেখাও তুলে ধরেছেন তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স-এ প্রকাশিত এক প্রবন্ধে জারিফ বলেন, ইরান চাইলে এখন এমন একটি পথ বেছে নিতে পারে, যেখানে বিজয় ঘোষণা করে কূটনৈতিক সমাধানের দিকে অগ্রসর হওয়া সম্ভব। দীর্ঘদিন ইরানের পারমাণবিক আলোচনায় নেতৃত্ব দেওয়া এই কূটনীতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শেষ করার একটি বাস্তবধর্মী পরিকল্পনাও প্রস্তাব করেন।

জারিফের প্রস্তাব অনুযায়ী, সবধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান নিজেদের পারমাণবিক কর্মসূচিতে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার উদ্যোগ নিতে পারে। তার মতে, অতীতে ওয়াশিংটন এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও বর্তমান প্রেক্ষাপটে তা গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারস্পরিক অনাক্রমণ চুক্তিতে সম্মত হতে পারে, যেখানে ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে হামলা না করার অঙ্গীকার থাকবে। পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রস্তাবও দেন তিনি, যা দুই দেশের জনগণের জন্যই লাভজনক হতে পারে।

জারিফের মতে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে ইরান বিদেশি হুমকির বদলে অভ্যন্তরীণ উন্নয়ন, বিশেষ করে জনগণের জীবনমান উন্নয়নে বেশি গুরুত্ব দিতে পারবে এবং একটি স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগোতে সক্ষম হবে।

এদিকে শান্তি পরিকল্পনা প্রকাশের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জারিফ বলেন, একজন ইরানি হিসেবে তিনি ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতিতে ক্ষুব্ধ, তবে দেশের সশস্ত্র বাহিনী ও জনগণের প্রতি তিনি গর্বিত। একই সঙ্গে তিনি স্বীকার করেন, শান্তি পরিকল্পনা প্রকাশ করা নিয়ে তার কিছুটা দ্বিধা থাকলেও জাতীয় স্বার্থে যুদ্ধের অবসান জরুরি। সূত্র: দ্য গার্ডিয়ান

AS
আরও পড়ুন