ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) আসনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া দুটি কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৭ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের প্রাথমিক এই চিত্র পাওয়া যায়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে আজ গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। কেন্দ্রগুলোতে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুরের পর থেকে তরুণ ভোটারদের ব্যাপক ভিড় দেখা যায়। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। ২ হাজার ২৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে আজ রায় দিয়েছেন দেশের কোটি কোটি ভোটার। তবে নির্বাচনের দিন সারা দেশে কিছু বিচ্ছিন্ন বিশৃঙ্খলার খবরও পাওয়া গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে এবং ৫৯টি ক্ষেত্রে জাল ভোট প্রদানের অভিযোগ উঠেছে।
বর্তমানে আসনটির অন্যান্য কেন্দ্রে ভোট গণনা চলছে। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হবে।

