ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষের’ জোয়ারে বিএনপির বিজয় এখন অনিবার্য বলে দাবি করেছেন দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। একই সঙ্গে ভোটের চূড়ান্ত ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত দেশের প্রতিটি কেন্দ্রে নেতাকর্মী ও সমর্থকদের সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
মাহদী আমিন বলেন, ‘গণতন্ত্রকামী জনগণের রায়ে বিএনপির বিজয় নিশ্চিত। তবে ফল ঘোষণা পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। ভোট পরিচালনার সঙ্গে যুক্ত আমাদের কর্মীরা যেন প্রতিটি কেন্দ্রে সঠিক গণনা ও ফলাফল নিশ্চিত করেন, যাতে কোনো ধরনের অসংগতি না ঘটে।’
নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। তবে নির্বাচনের সময় সহিংসতায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, ‘গতকাল রাত থেকেই আমরা দেখেছি কিছু নির্দিষ্ট পক্ষ কালো টাকা, কারচুপি ও সহিংসতার মাধ্যমে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মধ্যে ভীতি ছড়ানোর অপচেষ্টাও চালানো হয়েছে।’
তিনি অভিযোগ করে বলেন, ভুয়া পর্যবেক্ষক ও মব তৈরির মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে নিরুৎসাহিত করা হয়েছিল। তবে দেশপ্রেমিক জনগণ ও নিরাপত্তা বাহিনী সেই বাধা রুখে দিয়েছে।
মাহদী আমিন দৃঢ়তার সঙ্গে বলেন, ‘জনগণ যে আবেগ নিয়ে ভোট দিয়েছে, ইনশাল্লাহ নতুন গণতান্ত্রিক বাংলাদেশে বিএনপি সেই আকাঙ্ক্ষা পূরণ করবে। ধানের শীষের জয় মানেই গণতন্ত্রের জয়, বাংলাদেশের জয়।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং সদস্য শায়রুল কবির খান।
ভোট এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি: মির্জা ফখরুল
ঢাকা-১৭: প্রাথমিক ফলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান
২০ কেন্দ্রের প্রাথমিক ফলে বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
