বাংলাদেশ জামায়াতে ইসলামীর নব-নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) সরকারি সুযোগ-সুবিধা হিসেবে পাওয়া ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না। দলটির নেতা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির সোমবার (১৬ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
পোস্টে শিশির মনির উল্লেখ করেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।’
জামায়াতে ইসলামীর এই সিদ্ধান্ত দলটির গত বছরের শেষ দিকে দেওয়া এক রাজনৈতিক অঙ্গীকারের বাস্তবায়ন। ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেটে আয়োজিত এক সুধী সমাবেশে দলটির আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন, ‘আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না এবং বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।’
ওই সমাবেশে ডা. শফিকুর রহমান আরও বলেছিলেন, জামায়াত যদি সংসদে বিরোধী দলে থাকে, তবে সরকারের প্রতিটি মানবিক ও ভালো কাজে তারা পূর্ণ সহযোগিতা করবে। তবে সরকার যদি ভুল পথে পরিচালিত হয়, তবে প্রথমে ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া হবে। তাতে সংশোধন না হলে অতীতে যেভাবে জীবন বাজি রেখে আন্দোলন করা হয়েছে, ভবিষ্যতেও রাজপথে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বিলাসবহুল সুবিধা বর্জনের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আমরা কথা নয়, কাজে প্রমাণ করব: জামায়াত আমির
