পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনায় স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হওয়ার পাশাপাশি তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। সংস্থাটি জানিয়েছে, মাসজুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোট বৃষ্টিপাত মৌসুমি গড়ের নিচে থাকার আশঙ্কা রয়েছে।
এনসিএমের প্রাথমিক জলবায়ু পূর্বাভাস অনুযায়ী, রমজান মাসে দুই পবিত্র শহরেই বৃষ্টিপাতের পরিমাণ গড়ের তুলনায় কম হতে পারে। সাধারণত মক্কায় মাসিক গড় বৃষ্টিপাত প্রায় ৪.২ মিলিমিটার এবং মদিনায় ৪.৩ মিলিমিটার। তবে এই বছর বৃষ্টি হলেও তা হালকা মাত্রার মধ্যেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা বেশি।
তাপমাত্রার বিষয়ে এনসিএম জানিয়েছে, মক্কায় গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সর্বোচ্চ ১ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় প্রায় ১.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, রমজান মাসে মক্কায় গড় তাপমাত্রা থাকে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ২৩.১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই আগাম পূর্বাভাসের মূল লক্ষ্য হলো রমজান মাসে দুই পবিত্র মসজিদে আগত দর্শনার্থীদের সেবায় নিয়োজিত বিভিন্ন সংস্থার প্রস্তুতি ও পরিচালন সক্ষমতা জোরদার করা। বিশেষ করে ওমরাহ পালনকারী ও মুসল্লিদের সুবিধার্থে এই সতর্কতামূলক তথ্য প্রকাশ করা হয়েছে।
পাশাপাশি সর্বশেষ আবহাওয়া আপডেট এবং নিয়মিত জলবায়ু ব্রিফিং পেতে জনসাধারণকে সংস্থাটির অফিসিয়াল চ্যানেলগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছে এনসিএম।
সৌদি আরবে কবে শুরু রমজান?
