নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরও ছাত্রদের সঙ্গে একই ধরনের প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সংসদে সংস্কারের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, তবে পুনরায় রাজপথেই সবকিছুর ফয়সালা হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) জাতীয় ছাত্রশক্তির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজ রক্ত দিয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করলেও এখন রাজনৈতিক নেতারা এর ফল ভোগ করছেন। রাজনৈতিক নেতারা গণভোটের দোহাই দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। এটি ছাত্রদের আকাঙ্ক্ষার সঙ্গে এক ধরনের প্রতারণা। বিচার ব্যবস্থার ক্ষেত্রেও আমরা একই ধরনের চিত্র লক্ষ্য করছি।’
তিনি আরও বলেন, ‘সংসদকে কার্যকর করে যদি সংস্কার প্রক্রিয়া সম্পন্ন না হয়, তবে সেই লড়াই আবারও রাজপথে গড়াবে। আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছি। সংসদে যদি গণআকাঙ্ক্ষা প্রতিফলিত না হয় এবং কথা বলার পরিবেশ না থাকে, তবে রাজপথেই চূড়ান্ত ফয়সালা হবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক বছর পূর্তি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিকড় থেকেই বাংলাদেশপন্থি রাজনীতি ধারণ করে এনসিপির পথচলা শুরু হয়েছিল। এক বছরের পথচলায় কিছু ভুল-ত্রুটি থাকলেও আমাদের অস্তিত্বের মূলে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
কাইয়ুমকে হারিয়ে চমক দেখালেন নাহিদ ইসলাম
