বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিরোধী দলের ছায়া সরকারে যেমন জায়গা পাবে না, তেমনি প্রকৃত সরকারেও দলটি বাদ পড়বে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি অভিযোগ করেছেন, সাংগঠনিক সক্ষমতা সীমিত থাকা সত্ত্বেও এনসিপিকে বিপুলসংখ্যক আসন এবং প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের অর্থ দেওয়ার মাধ্যমে জামায়াত ১৯৭১ সালের অপরাধের দায় থেকে নিজেদের মুক্ত করার চেষ্টা করেছে।
বুধবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, বিরোধী দলের ছায়া সরকার থেকে এনসিপি বাদ পড়েছে। জামায়াত কখনো রাষ্ট্রক্ষমতায় এলে মূল সরকার থেকেও একইভাবে এনসিপিকে দূরে রাখা হবে।
রাশেদ খাঁনের দাবি, এনসিপিকে ব্যবহার করে জামায়াত ১৯৭১ সালের গণহত্যার দায় থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করলেও তা সম্ভব হবে না। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে সামনে রেখে ১৯৭১ সালের দায় আড়াল করা সম্ভব নয়। জামায়াত যতদিন থাকবে, ততদিন দলটিকে ১৯৭১ সালের গণহত্যার অভিযোগের দায় বহন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে আওয়ামী লীগকেও ২০২৪ সালের গণহত্যার দায় নিয়ে পালিয়ে থাকতে হচ্ছে বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।
ছায়া সরকার গঠনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা ও বিভিন্ন জরিপে এগিয়ে থাকা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলটির নেতাদের হতাশা কিছুটা কমতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, ছায়া সরকার গঠনের পর জামায়াত নেতাদের মধ্যে রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলতার মনোভাব তৈরি হতে পারে। ক্ষমতায় যেতে না পারার হতাশা থেকে তাদের মধ্যে যে হিংসা ও বিদ্বেষমূলক বক্তব্য দেখা যায়, সেটিও কমে আসতে পারে। পাশাপাশি রাষ্ট্র পুনর্গঠনে সরকারকে বিকল্প নীতির প্রস্তাব দেওয়ার ক্ষেত্রেও তারা ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তবে ছায়া সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হামিদুর রহমান আজাদের মতো কেউ গুমের ঘটনা নিয়ে ‘মিথ্যাচার ও অপপ্রচার’ চালালে জনগণ ছায়া সরকারকে ‘গুজব সরকার’ এবং এর সদস্যদের ‘গুজব মন্ত্রী’ হিসেবে অভিহিত করতে শুরু করবে বলেও সতর্ক করেন রাশেদ খাঁন।
ছায়া মন্ত্রিসভায় ৫ আগস্টের পর ‘বিপ্লবী’ হিসেবে পরিচিতি পাওয়া নারী নেতৃত্বের কাউকে অন্তর্ভুক্ত করার সুযোগ ছিল বলেও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে মারদিয়া মমতাজের নাম উল্লেখ করে জামায়াত ক্ষমতায় গেলে কোনো নারীকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে কি না, সে প্রশ্ন তোলেন রাশেদ খাঁন।
এ ছাড়া জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করে জামায়াত কোনো নারীকে নির্বাচনে মনোনয়ন দেয়নি বলেও দাবি করেন তিনি। বিপরীতে বিএনপি নির্বাচনের আগেই নারী প্রার্থী মনোনয়নের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে এবং সরকারে দায়িত্ব পেলেও দলটি সনদ বাস্তবায়নে কাজ করবে বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।
‘রংপুরের চার খুনের আসামিরা দ্রুত গ্রেপ্তার হয়েছে’
চাঁদপুরে পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য নিখোঁজ
লিভিং থিয়েটারের আদলে ‘দোজখের শেষ মেয়েটি’