জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১০:১৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)। তিনি বর্তমান উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসানের স্থলাভিষিক্ত হলেন।

সোমবার (২ মার্চ) দিবাগত রাতে তার মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, রোববার (২৮ ফেব্রুয়ারি) দলীয় প্যাডে জারি করা এক আনুষ্ঠানিক নিয়োগপত্রের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, মীর আহমাদ বিন কাসেম আরমান একজন সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজ্ঞ হিসেবে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি যে অঙ্গীকার প্রদর্শন করেছেন, তা বিবেচনায় নিয়েই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এই দায়িত্বে তিনি বিরোধীদলীয় নেতার পক্ষে আন্তর্জাতিক বিষয়ে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করবেন। কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক অংশীদার এবং বিদেশি সরকার ও বহুপাক্ষিক সংস্থাগুলোর সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদার করা হবে তার অন্যতম প্রধান কাজ।

ডা. শফিকুর রহমান চিঠিতে প্রত্যাশা ব্যক্ত করেছেন যে বাংলাদেশের স্বার্থ রক্ষা, সুশাসন, মানবাধিকার ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো বৈশ্বিক ইস্যুগুলোতে ব্যারিস্টার আরমান নীতিনিষ্ঠ ভূমিকা পালন করবেন।

এদিকে, আজ (মঙ্গলবার) দুপুরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে জামায়াত আমিরের নবনিযুক্ত পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।

AHA
আরও পড়ুন